পার্বত্য চট্টগ্রামের বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে খাগড়াছড়ি বন বিভাগ ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর উপজেলা পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক, রাঙ্গামাটি অঞ্চল ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক খান মো. আববারুর রহমান।
খাগড়াছড়ি সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য দেন পিঠাছড়া ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ রাসেল। তিনি পার্বত্য চট্টগ্রামের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, বনভূমি রক্ষা, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা কারার মাহবুব হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরলাল ত্রিপুরা, গোমতি মৌজার হেডম্যান রনজিত ত্রিপুরা, ২০১ নম্বর ধলিয়া মৌজার সহকারী মৌজা প্রধান উভয়চিং চৌধুরী এবং পশ্চিম নতুনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ।
এ ছাড়া কর্মশালায় বিভিন্ন মৌজার হেডম্যান, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, বনজ সম্পদের সুরক্ষা এবং সবুজায়ন কার্যক্রমে সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “বন ও জীববৈচিত্র্য রক্ষা শুধু বন বিভাগের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাহাড়ের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রত্যেককে সচেতন হতে হবে। বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সবুজায়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার বলেন, “পার্বত্য চট্টগ্রামের বন ও জীববৈচিত্র্য দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ রক্ষা ও সমৃদ্ধ করতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের উন্নয়ন করতে হবে। এ প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন ধ্বংস রোধের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএস./






















