ট্রফিতে চোখ থাকলেও এশিয়া কাপ জুড়েই সংগ্রামের প্রতিচ্ছবি ছিল বাংলাদেশ দল। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম-সাকিবকে হারানো ছিল সবচেয়ে বড় ধাক্কা। চোটের মিছিলে জর্জর দলটাকে টেনে গেছেন মাশরাফি বিন মুর্তজা। যার নেতৃত্বগুণ আবারও প্রশংসিত হয়েছে এশিয়া কাপের মঞ্চে।
শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফিরেই সাংবাদিকদের সঙ্গে আলাপ সেরেছেন অধিনায়ক। এরপর দেশের আমূল পরিবর্তন করতে আপামর জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফেসবুক পেজে ভক্তদের জন্য স্ট্যাটাস দেন অধিনায়ক।
তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
নাহ! এবারও হোল না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জিতাতে পারি। তখন মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘণ্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙ্গা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে।
আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।
























