নরসিংদীর শিবপুরে ৭০ টি পূজা মন্ডপে ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু আনন্দটা হবে সবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের কল্যাণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের লোক সবাই নৌকায় ভোট দেয়। কেউ যদি ধানের শীষে ভোট দিয়েও আসে তা মানুষ বিশ্বাস করে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন চক্রান্ত যেন এই বিশ্বাস নষ্ট করতে না পারে সে দিকে আপনারা খেয়াল রাখবেন।
আপনাদের উপর আমাদের বিশ্বাস বিন্দু পরিমাণ কমেনি। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। আমি এমপি হবার আগে থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্বল ছিলাম। ২০০২ সাল থেকেই শিবপুরের সকল পূজা মন্ডপে অনুদান দিয়ে আসছি।
এখন শিবপুরে ৭০টি পূজা মন্ডপ হয়েছে। প্রতিটি মন্ডপে নগদ ১০ হাজার করে মোট ৭ লক্ষ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেয়া হয়েছে। তাছাড়া সরকারীভাবে প্রতিটি মন্ডপে ৫০০কেজি চাউল করে বরাদ্দ দেয়া হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল ইসলাম মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, শিবপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
বিবি /ইএম




















