হার-জিত ছাপিয়ে প্যারিসের জুয়াড়িরা মেতে উঠেছেন গোল উৎসব পালনে। আগে থেকেই বলা হচ্ছে, বুধবার রাতে পিএসজি-নাপোলি ম্যাচ ভাসতে চলেছে গোলের বন্যায়। গত পাঁচ ম্যাচে যে ২৩টি গোল করেছে পিএসজি। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে নেইমার। সদ্য দেশের জার্সিতে পেলের ৯২ ম্যাচের রেকর্ড ভেঙেছেন তিনি।
রেকর্ড ভাঙার পর স্বয়ং পেলেই তার গোলের রেকর্ড ভাঙতে উৎসাহ দিয়েছেন নেইমারকে। ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘আমার ৯২ ম্যাচের রেকর্ড ভেঙেছ। এবার আমার গোলের রেকর্ডের দিকে দৌড়াও। ব্রাজিলের তোমাকে দরকার।’
এই মুহূর্তে ব্রাজিলের জার্সিতে গোলের তালিকায় নেইমার রয়েছেন তিন নম্বরে। তার গোল সংখ্যা ৫৯। তার আগে আছেন ৬২ গোল করা রোনালদো ও ৭৭ গোল করা পেলে। ফরাসি লিগের ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছিল পিএসজি। তাই কার্লোস আন্সেলোত্তির নাপোলির বিপক্ষে তরতাজা হয়েই মাঠে নামছেন তিনি।
প্যারিসের দলটির জন্য আরও সুখবর, দুই ম্যাচের নির্বাসন কাটিয়ে নাপোলির বিপক্ষে মাঠে ফিরেছেন গোলকিপার গিয়ানলুইগি বুফন। দলে বড় কোনো সমস্যা না থাকলেও এই ম্যাচে আন্সেলোত্তির আসল চ্যালেঞ্জ নেইমার-এমবাপ্পে এবং কাভানিকে আটকানো।
বুধবার রাতে অপর ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ছিল রেড স্টার বেলগ্রেড। তাদের নিয়েই পাতানো ম্যাচের গুঞ্জন উঠেছিল। পিএসজির ছয় গোল দেয়ার ম্যাচটা নিয়ে খানিকটা কথাবার্তা শোনা গেছে।
অ্যানফিল্ডে বড় ব্যবধানে হারলে ফের কথা উঠবে না তো! নাপোলির সঙ্গে পিএসজির ম্যাচটা বরং গুরুত্বপূর্ণ বেশি। মৃত্যুকূপ হয়ে ওঠা সি-গ্রুপটা থেকে শেষ ষোলোর পথ খোলা রাখতে এই ম্যাচে হারলে চলবে না পিএসজির।
বিবি/জেজে






















