মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ইনজুরির কারণে খেলতে পারেননি বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তাকে ছাড়াই বার্সেলোনা যেভাবে চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করেছে, তিনি থাকলে না জানি কী হত!
রোববার রাতে ধুকতে থাকা রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। গোল করেছেন ফিলিপে কুতিনহো ও আর্তুরো ভিদাল। তাতে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে ধরাশায়ী করেছে কাতালানরা। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন মার্সেলো।
এমন পরাজয় রিয়ালে কোচ জুলেন লুপেতেগুইর ভাগ্য সুঁতোয় ঝুলিয়ে দিয়েছে। এ নিয়ে লা লিগার সবশেষ চার ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৭ পয়েন্টে। পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে রিয়াল। এরপরও কি লুপেতেগুইর উপর আস্থা রাখবে রিয়াল কর্তৃপক্ষ? সেটা হয়তো সময়ই বলে দিবে।
২০০৭ সালের পর এই প্রথম এল ক্লাসিকোতে ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো রিয়াল ছেড়ে যাওয়ার পর তার ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি লস ব্লাঙ্কোসরা। সেটার প্রমাণ মিলল এল ক্লাসিকোতে। মেসিহীন বার্সেলোনাকে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে নেন ফিলিপে কুতিনহো। এ সময় জর্ডি আলবার কাট পাসে বল পেয়ে যান কুতিনহো। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান। ৩০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। এ সময় সুয়ারেজকে বক্সের মধ্যে চ্যালেঞ্জ করেন রাফায়েল ভাড়ানে। রেফারি অবশ্য বিষয়টিতে প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায় ওটা পরিস্কার ফাউল ছিল। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুয়ারেজ গোল করে ব্যবধান করেন ২-০। এটা ছিল সবশেষ ১১ এল ক্লাসিকোতে সুয়ারেজের সপ্তম গোল।
বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রিয়াল। এ সময় মার্সেলো গোল করে ব্যবধান কমান। এটা ছিল টানা তৃতীয় ম্যাচে মার্সেলোর গোল। কিন্তু দুর্দমনীয় সুয়ারেজ ৭৫ ও ৮৩ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নেন। আর ম্যাচ থেকে যোজন যোজন দূরে ঠেলে দেন রিয়ালকে। ম্যাচের ৮৭ মিনিটে রিয়ালের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন আর্তুরো ভিদাল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে লুপেতেগুইর শিষ্যরা।
এই জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদ রয়েছে নবম স্থানে।
বিবি/ ইএম






















