টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলট আরিফ আহমেদ দিপু (৩৭) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বিমান বাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সের নিয়াবাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ নাথ বিশ্বাস বলেন, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়ার কথা ছিল। শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মধুপুর বনে হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিহতের লাশ টুকরো টুকরো হয়ে গেছে।
বিবি/ ইএম




















