দেশব্যাপী আগামী এপ্রিলে কৃষি শুমারির কাজ শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগের কৃষি শুমারিগুলোতে মৎস্য খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা না হলেও এবার প্রথমবারের মতো এই খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হবে বলেও জানিয়েছে বিবিএস।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের প্রধান কার্যালয়ে কৃষি শুমারি প্রকল্পের আওতায় প্রথম জোনাল অপারেশনে নিয়োজিত বিভাগীয় ও জেলা শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিএসের মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, বিবিএসের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, আবুয়াল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক জাফর আহাম্মদ জানান, এপ্রিল থেকে দেশব্যাপী কৃষি খানাসহ সব খানার কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) অবকাঠামোর তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে জোনাল অপারেশনে দেশের সব সাধারণ খানায় সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী পর্যায়ে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খানার তালিকা তৈরি করে তালিকা অনুসারে নির্বাচিত খানাগুলোয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তিনি বলেন, এর আগের অনুষ্ঠিত শুমারিতে মৎস্য খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হয়নি। এ বছর প্রথমবারের মতো শুমারিতে মৎস্য খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হবে। তা ছাড়া খাদ্য নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও শুমারির মাধ্যমে সংগ্রহ করা হবে, যা সরকারের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, গবেষণা সংস্থা, কৃষিবিষয়ক সংস্থাগুলোর পরিকল্পনা প্রণয়নের ও নীতিনির্ধারণের জন্য হালনাগাদ কৃষিবিষয়ক তথ্য-উপাত্ত প্রাপ্তির ব্যাপক চাহিদা রয়েছে। এসংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত করার জন্য হালনাগাদ কৃষিবিষয়ক কাঠামো ও তথ্য-উপাত্ত প্রস্তুতের পদক্ষেপ হিসেবে বিবিএস কৃষি শুমারি বাস্তবায়ন করবে।’
বিবি/রেআ
























