পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সোমবার।
দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া এ দিন বিনামূল্যে পাঠ্যবই উৎসবের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামী ১ জানুয়ারি সারাদেশে একযোগে বই উৎসব পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
গত বছর ৩০ ডিসেম্বর এই দুই পরীক্ষার ফল প্রকাশ হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ২৪ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রায় ৫৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হচ্ছে।
চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ১৮ থেকে ২৬ নভেম্বর দেশজুড়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অপরদিকে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ থেকে ১৫ নভেম্বর। এতে অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।
দুপুরে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পৃথকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানানো হবে।
বিবি/জেজে





















