রাজধানীর শনির আখড়ার জিয়া সরণিতে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। বুধবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই হারুন-উর রশীদ (৫৫) নামে একজন মারা যায়। এতে আহত ট্রাকের হেল্পার আবুল বাশারকে (৩০) ঢামেকে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক চালক হাবিব জানান, ভোরে জিয়া সরণি এলাকায় ইট বোঝাই ট্রাক নিয়ে যান। পরে ট্রাকচাপায় নিহত হারুনের বাড়ির সামনে তারা ইট নামিয়ে টাকা বুঝে নিচ্ছিলেন। এ সময় অপর একটি ট্রাক বেপরোয়াভাবে এসে তার ট্রাকের হেল্পার ও বাড়ির মালিককে চাপা দেয়।
গুরুতর আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, বাশার ও হারুনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবি/জেজে


























