রাজধানীর কদমতলী থানা এলাকার একটি স্টিল মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেস এলাকায় আলীজান স্টিল মিলে এ ঘটনা ঘটে।
তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দগ্ধ দুই কর্মীর নাম মাসুম (২০) ও মিঠু (২৩)। এদের মধ্যে মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে মাসুমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলীজান স্টিল মিলের কর্মী পলাশ জানান, স্টিলের কাঁচামাল গলানোর পাত্র থেকে গলিত লোহার বুদ বুদ উঠে বৈদ্যুতিক বাতিতে আঘাত করে। পরে এর থেকে বিদ্যুতের তারে আগুন লেগে যায় ও তা ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে মাসুম ও মিঠু দগ্ধ হন।
বিবি/জেজে


























