শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীম এর পক্ষে বৃহস্পতিবার
দিন ব্যাপী নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন, নড়িয়ার প্রথম এমপি শহীদ নুরুল হক হাওলাদারের একমাত্র কন্যা জোবায়দা হক অজন্তা। তিনি নড়িয়ার গোলাবাজার, চামতা, দিনারা, সন্ধাসহ বিভিন্ন এলাকায় প্রচারণায় সরব ছিলেন।

জোবায়দা হক অজন্তার সাথে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সকল স্তরের লোকজন তার সাথে শরিক হন। সাধারণ জনগণের এতো উৎসাহ দেখে খুশি জোবায়দা হক অজন্তা। তাকে ভোটের মাঠে পেয়ে খুশি এলাকা বাসীও, এ সময় এলাকাবাসী তাকে আশ্বস্ত করে বলেন, আমরা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে সারাদিন ভোট দিব।
ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী জোবায়দা হক অজন্তা এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলীয় মনোনয়ন বোর্ড দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমকে চূড়ান্ত মনোনয়ন দেয়। এরপর থেকেই জোবায়দা হক অজন্তা দলের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় প্রার্থী এনামুল হক শামীমকে সমর্থন দেন এবং এলাকার ভোটার ও তার কর্মী-সমর্থকদের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক শামীমের পক্ষে কাজ করার আহবান জানান।

তিনি নিজেও স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার মানুষের কাছে এনামুল হক শামীমের জন্য নৌকা প্রতীকে ভোট চান। দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর থেকেই জোবায়দা হক অজন্তা নিজ নির্বাচনী এলাকার এপ্রান্ত থেকে ওইপ্রান্তে ভোটারের ধারেধারে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন উঠান বৈঠক, সভা-সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে জোবায়দা হক অজন্তা বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নৌকার প্রার্থীর পক্ষে সকলকে কাজ করতে হবে, এই প্রশ্নে কোন আপোষ নেই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে পুনর্বার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে এবং এর ব্যত্যয় ঘটানো যাবে না। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় সেই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। জোবায়দা হক বলেন, আমরা যারা মনোনয়ন চেয়েছিলাম তাদের দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, ‘আমি মনে করি, নৌকা হক-ভাসানী-সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক। এই নৌকা জননেত্রী শেখ হাসিনা ও আমার পিতা এমপি নুরুল হকের প্রতীক। নৌকা উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রতীক। এই নৌকা প্রতীকে নির্বাচিত এমপি হিসেবেই আমার পিতা জীবন দিয়েছে। তাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আমি শতভাগ আনুগত্য প্রকাশ করে তাঁর নির্দেশকে প্রতিপালনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে এলাকাবাসীর কাছে “নৌকা” মার্কায় ভোট চাচ্ছি।’
উল্লেখ্য জোবায়দা হক অজন্তার পিতা ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার কয়েক মাসের মাথায় তিনি নিজ বাড়ির বৈঠকখানায় আঁততায়ীর গুলিতে শহীদ হন।




















