বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও কলকাতার গৌরব চক্রবর্তী মিলে অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোমুখি’তে। আজ থেকে দেখা যাবে ছবিটি। মিথিলা এর আগে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্যে এই প্রথম।
কাজটি করে ভালো লাগার কথা জানালেন এই অভিনেত্রী। বললেন, ‘চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে কলকাতায়। গল্পের মধ্যে আমাকে বাংলাদেশি
মেয়ে হিসেবেই দেখানো হয়েছে। পুরো গল্পের মধ্যে একটা চমক আছে। দর্শকের কাছে খারাপ লাগবে না। তা ছাড়া সহশিল্পী হিসেবে গৌরবকে ভালো লেগেছে। দারুণ অভিনয় করেন তিনি।’
শুধু অভিনয় ভালো হয়েছে এটাই নয়, এই অভিনয় মিথিলার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি। বলেন, ‘কাজটির শুটিং করতে গিয়ে জীবনে প্রথম কলকাতায় যাওয়া হয়েছে আমার। ওখানকার নিউমার্কেটে শুটিং করতে গিয়ে প্রচুর বাংলাদেশির সঙ্গে দেখা হয়েছে। তাঁরা আমার সঙ্গে সেলফিও তুলেছেন। এ কারণে কাজটি খুব উপভোগ করেছি আমি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
‘মুখোমুখি’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক পার্থ সেন। এটি আজ সন্ধ্যা থেকে দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে।
বিবি/রেআ

























