লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে পৃথক জাহাজডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০ অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।ভূমধ্যসাগরে পৃথক জাহাজডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০ অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইতালিয়ান নৌ কর্মকর্তারা লিবিয়া উপকূলে অন্তত ১১৭ জন যাত্রীবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে। যে কারণে স্প্যানিশ এবং মরক্কো কর্তৃপক্ষ ভূমধ্যসাগরের পশ্চিম উপকূলে হারিয়ে যাওয়া সেই জাহাজটির খোঁজ শুরু করেছে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলছেন, ‘প্রাণে বেঁচে ফেরা তিন আরোহী আমাদের জানিয়েছেন লিবিয়ার উদ্দেশে যাত্রা করা সেই জাহাজে কমপক্ষে ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।’
অভিবাসন সংস্থার এ মুখপাত্র আরও বলেন, ‘জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এককভাবে এই মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারছে না। গত বছর নিরাপদ আশ্রয়ের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায় ২ হাজার ২০০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।’
অপরদিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ‘গত বছর ইউরোপ যাওয়ার পথে সর্বোচ্চ সংখ্যক লোকের মৃত্যু হয়েছে। এখন আমরা আর সব দেখে শুনে নিজেদের চোখ বুজে রাখতে পারি না।’
তিনি আরও বলেন, ‘সাগরে এমন মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের কোনো চেষ্টাই আর বাদ রাখা উচিত না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ সমস্যা নিরসন করতে হবে।’
বিবি/জেজে




















