মাঘের শেষে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মৃদু বাতাস ফিরিয়ে এনেছে হালকা শীত।
তবে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ফোটা ফোটা বৃষ্টির খবর পাওয়া গেছে। আকাশটাও ছিল কিছুটা গুমোট।
শীতের বিদায় বেলায় শুক্রবার রাত ১০ টার পরে ঢাকায় দমকা হাওয়া বয়ে যায়। সেই রেশ ধরে শনিবার সকালেও আকাশ মেঘলা ছিল।
মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় হালকা বৃষ্টি হলেও বেশি সময় স্থায়ী ছিল না।
তবে ঢাকার বাইরে রাজশাহী ও দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল।
জানা গেছে, দিনাজপুরে শুক্রবার বিকাল থেকে শুরু হয় এই বৃষ্টি। তারপর থেমে থেমে শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে।
১০টার দিকে সূর্যের দেখা মিললেও ঘণ্টা খানেক পর আকাশ আবার মেঘলায় রূপ নেয়। তবে বেলা ১১টার দিকে মেঘ কেটে আকাশ ফকফকা হয়ে ওঠে।
দিনাজপুর আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি।
এদিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই রাজশাহীর আবহাওয়া ছিল মেঘচ্ছান্ন। বিকাল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয়। এরপর সামান্য বিরতি দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলে।
মাঘের শেষে হঠাৎ বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়লেও খুশি গ্রামের কৃষকরা। তারা বলছেন, এই বৃষ্টি বোরোসহ মাঠে ফসলের জন্য আশীর্বাদ। আমের মুকুলের জন্যও এই মুহূর্তের হালকা বৃষ্টি প্রয়োজন।
রাজশাহী আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১২টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার।
বৃষ্টির কারণে রাজশাহীতে শনিবার সকালে সূর্যের দেখা মেলেনি বলেও জানান তিনি।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বিবি/রেআ






















