রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ ফ্ল্যাটে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ। তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
সোমবার সকালে তিনি গণমাধ্যমকে জানান, খুনের ঘটনায় আমরা নিহতের দুই গৃহকর্মীকে সন্দেহ করছি। ওই ঘটনার পর বিকাল ৫টার দিকে তারা পালিয়ে যায়। তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। রবিবার সারারাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।
পলাতক দুই গৃহকর্মী হলেন- স্বপ্না ও রেশমা। স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার বয়স আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে।
উল্লেখ্য, রবিবার বিকেলে নিজের বাসায় খুন মাহফুজা চৌধুরী পারভীন। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন তিনি। এ ঘটনার পর তাঁর বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যান। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাঁদের সন্দেহ করছে।
মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।
বিবি/জেজে






















