জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভলপমেন্ট ক্লাব এর উদ্যোগে ১৪ টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সফট স্কিল ফেস্ট।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের উদ্বোধন করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি ইবনুল হায়দার নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো রফিকুল আমিন, সহকারী প্রক্টর আল জাবির।
ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বনিকের সমন্বয়ে ফেস্ট এর স্বাগত বক্তব্য রাখেন স্কিল ডেভলপমেন্ট ক্লাবের উপদেষ্টা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. মিলন।
দিনব্যাপী এ ফেস্টে নেতৃত্ব ও ব্যবস্থাপনা, পাবলিক স্পিকিং, পাবলিক রিলেশনশিপ, বিপণন ও গ্রাহকসেবা, উৎপাদনশীলতা, মানবসম্পদ উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং প্রভৃতি বিষয়ের ওপর বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন এফ সি এম এ, সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের (এসএলএসডি) প্রধান নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন চৌধুরী, স্কুল অব বিজনেস কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রধান এস এম আরিফুজ্জামান, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন মাহমুদ, আইডল ফোকাস ইভেন্ট ম্যানেজমেন্ট এর সিইও বিপ্লব কান্তি দাস।
এ সময় আলোচকরা তাদের বক্তব্যে বলেন, প্রয়োজনীয় সফটস্কিল না থাকার কারণে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে যথাযথ পারিশ্রমিক পান না। ঠিক একই কারণে আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে সফট স্কিল জানা মানুষদের এনে নিয়োগ দিতে বাধ্য হচ্ছে।
বিবি/ ইএম





















