শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এসএমই পণ্য মেলা ভবিষ্যতে সারা দেশে বিশাল কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মাধ্যমে আমরা দেড় কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। তিনি বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা একাডেমী প্রাঙ্গনে সাত দিন ব্যাপী এসএমই পণ্য মেলা শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমরা প্রতিটি জেলায় এবং উপজেলায় আমাদের সম্ভাবনাময় কুটির শিল্পে নারী ও তরুণ শিক্ষিতদের প্রাধান্য দিয়ে যারা নিজেরা কর্মহীন তারা সেখানে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে নারী সমাজের কর্মসংস্থান বেশি সৃষ্টি হবে । তারা যাতে সহজে মূলধন পায় এবং নিজেরা পন্য তৈরী করতে পারে সেখানে সরকার সহযোগীতা করবে। তাদের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা শিল্পমন্ত্রালয় করবে।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি আলী হোসেন শিশির, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবদুর মোতালিব পাঠান, জেলা আওয়ামীলীগের সদস্য মজ্ঞুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামী লীগের নেতৃীবৃন্ধ। পরে মন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। এসএমই পণ্য মেলা মেলা চলবে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত।
বিবি/ ইএম

























