এশিয়ার দেশ থাইল্যান্ডে ভয়ানক প্রাণঘাতী ভাইরাস জ্বর ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ এবং অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী লোয়ে প্রদেশের চিয়াং খান হাসপাতাল সফরে গিয়ে ডেঙ্গু জ্বরে এই হতাহতের তথ্য জানান।
গত সপ্তাহে দেশটির বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত প্রায় সাড়ে চার হাজার রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৭৪ জনে। এ ছাড়া নিহত হয়েছেন ৬৪ জন। তবে এ বছরের শেষের দিক নাগাদ দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজারে পৌঁছাতে পারে।
দেশজুড়ে ডেঙ্গু নজরদারি ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। এ বছর ডেঙ্গুর প্রকোপ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে। ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ছয় মাসে প্রায় ৫০০ জনের প্রাণহানি ঘটেছে।
প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩৯০ মিলিয়ন মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ বোঝা যায় আক্রান্ত হওয়ার পর তিন থেকে ১৪ দিনের মাথায়। ভাইরাসে আক্রান্তদের ডেঙ্গুর লক্ষণ ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস
























