দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন আজ । ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করবেন সরকার।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিরও আয়োজন থাকছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ কর্মসূচির আয়োজন করেছে।
‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে সারাদেশে সিটি কর্পোরেশন, জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নসমূহের উদ্যোগে সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মশক জন্মানোর সব স্থানে (ওয়ার্ড/পাড়া/মহল্লাভিত্তিক) সময়সূচি নির্ধারণ করে প্রয়োজনীয় লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হবে।
দেশের সব নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙিনাসহ বাড়ির চারপাশ এবং সব সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হবে।
কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান ও র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব ও জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ-/এমএ























