২৯ মামলার আসামী মাদক ব্যবসায়ী মহারাজ ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাবু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
রাজধানীর বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে বাড্ডায় ও সোয়া তিনটার দিকে মিরপুরের বেড়িবাঁধে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তিরা হলো—মাদক ব্যবসায়ী মহারাজ (৪০) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাড্ডার সাতারকুল পাঁচখোলা এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা অবস্থান করছে। ঘটনাস্থলে গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায় এবং মাদক ব্যবসায়ী মহারাজ গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, একটি শটগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
একইদিন রাত সোয়া তিনটার দিকে মিরপুর বেড়িবাঁধে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, রাতে খবর পাই যে, মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র্যাবের টহল দল সেখানে গেলে ওই সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ























