জাতীয় পার্টির একাংশের রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণাকে কেন্দ্র করে দলটিতে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তাতে আওয়ামী লীগের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাপা নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির বর্তমান অবস্থা উত্তরণে আওয়ামী লীগের ভূমিকা কি? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। এরশাদ উত্তর জাপা অভ্যন্তরীণ বিবাদে আছে, টানাপোড়েন আছে; এটা তাদের নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কিছুই বলার নেই। তারা নিজেরাই এটা সমাধান করবে।’
‘এখন আওয়ামী লীগে রংপুর ৩ আসনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকালের মনোনয়ন বোর্ডের সভায় সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হবে। রওশন এরশাদ কিংবা জিএম কাদের আওয়ামী লীগ কারও পক্ষে অবস্থান নেবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
‘সরকার যাকে চাইবে সেই বিরোধী দলীয় নেতা হবেন’ বিএনপির এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা। নিয়ম অনুযায়ী বিরোধী দলীয় নেতা স্পিকার নির্বাচিত করবেন। এখানে আমাদের দলের কিছুই বলার নেই।’
‘শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে’ মন্তব্য করে সরকারের এই সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সঙ্কটে ফেলেছে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে না বিএনপি।’
রংপুর-৩ আসনে আওয়ামী লীগের ১৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, রংপুরের উপ নির্বাচনে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়ন পত্র পেয়েছি। আগামীকাল মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারের কেউ প্রার্থীতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী ঠিক করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























