শপথ গ্রহন করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতরা । আজ (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজেকশনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দায়িত্ব বুঝে নিয়েছেন নবনির্বাচিতরা।
এতে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন প্রথমে শপথবাক্য পাঠ করান নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে। পরবর্তী সময়ে নির্বাচিত সম্পাদকীয় ও নির্বাহী সদস্যদের শপথ পড়ান মিশা।
অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন প্রথমেই দুঃখপ্রকাশ করে বলেন, ‘যারা নেতৃত্ব দেয়, তাদের নিয়ম-নীতি মানাটা জরুরি। নইলে অন্যকে নিয়ম মানতে বলাটা দৃষ্টিকটু হয়। যেহেতু আমার নেতৃত্বে এবারের নির্বাচন হয়েছে, তাই প্রথম থেকেই আমি চেষ্টা করেছি নিয়ম নীতি মেনে চলার। এ জন্য কিছুটা কঠোর হতে হয়েছে। এছাড়াও এবারের নির্বাচনে বেশ কিছু নিয়ম নতুন করেছি, যার ফলে অনেকেই কিছুটা কষ্টের মধ্যে পড়েছেন। একটি জাতির উন্নতির জন্য নিয়ম মেনে চলাটা খুবই জরুরি। তারপরও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে আইন ও নিয়মের মধ্যে সুন্দর এফডিসি গড়ব।’
এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ ও নায়ক ফারুক, সোহেল রানা, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) দ্বিবার্ষিক (২০১৯-২১) এই নির্বাচন হয়। এতে পূর্ণ প্যানেল ছিল একটি—মিশা সওদাগর ও জায়েদ খানের। এরমধ্যে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে ছিলেন স্বতন্ত্র প্রার্থী মৌসুমী। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা। সহ-সভাপতির দুটি পদে জয়লাভ করেন ডিপজল ও রুবেল। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ছাড়াই বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ।
১১টি কার্যনির্বাহী সদস্যপদে ১৪ জন প্রার্থীর মধ্যে জয়লাভ করেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন ও জয় চৌধুরী। এরা মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচন করেছেন।
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার ছিল ৪৪৯ জন। ভোট দিয়েছেন ৩৮৬ জন। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























