আধুনিক ও ব্যান্ডের গানের পর এবার শুরু হচ্ছে আঞ্চলিক গানের প্রতিযোগিতা। তাও আবার প্রতিযোগিতার পুরোটাই অনুষ্ঠিত হবে মুঠোফোনের মাধ্যমে। ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) প্রদানকারী প্রতিষ্ঠান ই.বি. সল্যুশনস লিমিটেডের (ইবিএস) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির গণসংযোগ কর্মকর্তা অলি উল্লাহ জানান, আগামী ১ নভেম্বর থেকে ‘শেকড়ের খোঁজে ২০১৯’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন থেকে বাংলালিংক লোকাল রেডিও ২২০০১-এ কল করে অংশ নেওয়া যাবে প্রতিযোগিতায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও আদিবাসীদের যে কেউ, এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে অংশ নেওয়ার শেষ তারিখ ২১ নভেম্বর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, আঞ্চলিক গানের শিল্পীদের জাতীয় অঙ্গনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। কোনো জটিলতা ছাড়াই এতে অংশ নেওয়া যাবে। নিজ অঞ্চলের ভাষায় রচিত গান খালি গলায় রেকর্ড করে পাঠাতে হবে ২২০০১ নম্বরে। রেকর্ডের সময় উল্লেখ করতে হবে নিজের নাম ও অঞ্চলের নাম। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজনকে বাছাই করা হবে। পুরস্কার হিসেবে তিন বিজয়ী পাবেন ৫০, ২০ ও ১০ হাজার টাকার কন্ট্রাক্ট এবং প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল থেকে গান প্রকাশের সুযোগ।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























