উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রেলওয়েকে এগিয়ে নিতে একের পর এক আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া থেকে তৃতীয় ধাপে ২২টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছাবে সোমবার।
স্থলপথে নাগরিকদের দেশের বিভিন্নস্থানে নিরাপদ,আরামদায়ক, সহজলভ্য ও পরিবেশবান্ধব রেলসেবা দেয়ার লক্ষ্যে এসব কোচ আনা হচ্ছে।
জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে মোট নয় ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০টি মিটারগেজ কোচ বাংলাদেশে আনা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে গত ১ আগস্ট ২৬টি মিটারগেজ কোচ দেশে এসে পৌঁছায়। দ্বিতীয় ধাপে সেপ্টেম্বর মাসের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে আরো ২২টি মিটারগেজ কোচ দেশে পৌঁছায়।
তৃতীয় ধাপে ২২টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছাবে সোমবার। ধারাবাহিকভাবে অষ্টম ধাপ পর্যন্ত প্রতি ধাপে ২২টি করে আরো ১১০টি কোচ আসবে। সবশেষে নবম ধাপে ২০২০ সালের জুলাই মাস নাগাদ আরো ২০টি মিটারগেজ কোচ বাংলাদেশ এসে পৌঁছাবে।
বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ বা কোচ সংগ্রহ প্রকল্প দফতর সূত্রে জানা গেছে, ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ যাত্রী পরিবহন কোচ সংগ্রহ নামে এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৩৭৪ কোটি টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এর মধ্যে এডিবি দিচ্ছে এক হাজার কোটি ৮ লাখ টাকা। বাকি ৩৭৪ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্পটি ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে বলে জানা গেছে।
ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য ৩.০৩ কোটি টাকা এবং প্রতিটি ব্রডগেজ কোচের মূল্য ৪.২২ কোটি টাকা।
প্রকল্পের বিষয়ে সাবস্টেশন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন বিজনেস বাংলাদেশকে বলেন, সদ্য আসা এসব কোচের মধ্যে ১৪টি কোচ দিয়ে চলছে ঢাকা-কুড়িগ্রাম রুটে আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’।
বাকি ৩৬টি মিটারগেজ কোচ দিয়ে উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের পুরাতন কোচগুলো পরিবর্তন করে নতুন মিটারগেজ কোচ স্থাপন করা হয়েছে। নতুন ২২টি কোচ কোন রুটে বরাদ্দ দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এসব কোচ দেশে পৌঁছানোর পরে বিষয়টি চূড়ান্ত হবে।
এর আগে আলাদা ব্রডগেজ কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় ৫০টি ব্রডগেজ কোচ আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। যা এর মধ্যেই বাণিজ্যিকভাবে বিভিন্ন রুটে চলাচল করছে। আমদানি করা ব্রডগেজ কোচ দিয়ে তিনটি রুটে পঞ্চগড় এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস চালানো হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























