ভারত সফরে গেছে বাংলাদেশ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামবে তারা। কিন্তু ম্যাচ শুরুর দুই দিন আগেই ভারতে জারি করা হলো ‘জনস্বাস্থ্য সতর্কতা’। ভয়াবহ দূষণের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল এবং নির্মাণাধীন কাজ।
এবং কর্মক্ষেত্রেও শিথিল করা হয়েছে। কিন্তু সবকিছু বন্ধ থাকলেও চলবে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি। রোববার রাত ৮টায় অনুষ্ঠিত হবে প্রথম টি-২০।
নগরীটির মুক্ত বায়ুতে দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর প্রথম ম্যাচের প্রস্তুতির অনুশীলনে নেমে রীতিমতো শারীরিকভাবে সমস্যার মুখোমুখি হয়েছেন টাইগার ক্রিকেটারদের কেউ কেউ।
শনিবার সফরকারী ক্রিকেটারদের অনেকেই দূষিত বাতাসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে মুখে মাস্ক পরে দলীয় অনুশীলন পর্ব সম্পন্ন করেন।
দিল্লির বায়ুতে মাত্রারিক্ত ক্ষতিকর উপাদানের উপস্থিতি ক্রিকেটারদের গলায় ব্যথা ও চোখ থেকে পানি নিগর্মণের মতো অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেই সাংবাদিকদের অবহিত করেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
তবে টাইগারদের প্রত্যাশিত পারফরম্যান্স প্রদর্শনে রেসে দিল্লির দূষিত বাতাসকে অজুহাত হিসেবে গ্রহণের ব্যাপারে জোর আপত্তির বিষয়টিও স্পষ্ট করে জানিয়ে দেন।
তিনি বলেন, ‘এটা ঠিক যে, কারো কারো চোখ দিয়ে পানি পড়া ও গলায় ব্যথার মতো সমস্যা হচ্ছে। তবে এটা কোনো বিষয় না। কেউ এখনো অসুস্থ হয়ে পড়েনি। কারো মারা যাওয়ার মতো অবস্থাও এখনো হয়নি।
সর্বশেষ শ্রীলঙ্কাও দিল্লিতে খেলতে এসে সমস্যায় পরেছিল। ঢাকার বাতাসেও কিছুটা হলেও দূষণ রয়েছে। ফলে দিল্লির এ পরিস্থিতি একেবারেই নতুন কিছু নয় আমাদের জন্য।’
উল্লেখ্য, এই দূষণের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড আগে রঞ্জি ট্রফির ম্যাচ বাতিল করেছিল। এছাড়া একটি টেস্ট ম্যাচে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























