নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের পর্দা উঠছে আজ। ১৯৮৪ ও ’৯৯ সালের পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশীয় অলিম্পিক খ্যাত এসএ গেমসের আয়োজন করতে যাচ্ছে নেপাল। তবে এবারের আয়োজনে আগের দুই আসরকে ছাপিয়ে যেতে চায় কাঠমান্ডু। সাত দেশের ৩২৫০ জন ক্রীড়াবিদ ১ হাজার ১১৯ পদকের জন্য লড়বে। তার মধ্যে স্বর্ণ ৩১৭, রৌপ্য ৩১৭ ও ব্রোঞ্জ ৪৭৯টি।
শেষ মুহূর্তে প্যারাগ্লাইডিং বাদ পড়ায় ২৭ ডিসিপ্লিনের জায়গায় ২৬ ডিসিপ্লিনে লড়তে প্রস্তুত ৭ দেশের ৩২৫০ জন অ্যাথলেট। এই আসরে স্বাগতিক নেপালের ৬৪৮, শ্রীলঙ্কার ৬২২, বাংলাদেশের ৫৯৫ জন, ভারতের ৪৬১, পাকিস্তান ৪১৩, মালদ্বীপ ৩১২ ও ভুটানের ১৪২ জন অ্যাথলেট অংশ নিচ্ছে।
বিকেল পাঁচটায় শুরু হবে গেমসের উদ্বোধন। নেপাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জীবন রাম শ্রেষ্ঠা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেবেন। উদ্বোধনী ভাষণ দেবেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সদস্য সচিব রমেশ কুমার সিলওয়াল। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী জগত বাহাদুর বিশ্বকর্তা সুনার।
শেষে মশাল প্রজ্জ্বলন করে এসএ গেমসে আলো জ্বালাবেন চারবারের সোনাজয়ী সাবেক তায়কোয়ান্ডোকা দীপক বিষ্ঠা। ক্রীড়াবিদদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করবেন তারকা ক্রিকেটার পরেশ খড়কা এবং কোচদের পক্ষ থেকে রেফারি দীপক থাপা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























