জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তাকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে, এই খবর পেয়ে কোর্টের বারান্দায় অঝোরে কেঁদেছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
হাইকোর্টের আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে শিরিনকে অঝোরে কাঁদতে দেখা যায়। জানতে চাইলে তিনি বলেন, অনেক আশা নিয়ে আজকে কোর্টে এসছিলাম। মনে করেছি প্রিয় নেত্রী আজ জামিন পাবেন। কিন্তু তাকে জামিন দেয়া হল না। তাই মনকে বুঝাতে পারছি না।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
এর আগে দুর্নীতির আরেক মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করে। ওইদিন রায়ের পরপরই তাকে পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫ বছরের সাজার বিরুদ্ধে করা দুদকের রিভিশন আবেদন গ্রহণ করে ৩০ অক্টোবর তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। সূত্র : আগামীনিউজ
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























