পুলিশ-জনতা দূরত্ব কমেছে এবং বর্তমানে পুলিশ অনেক বেশি স্মার্ট, মানবিক ও সমাজসেবী হিসেবে নিজেদের ইমেজ তুলে ধরতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপপুলিশ কমিশনারের (পশ্চিম) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র নাছির বলেন, পুলিশ অন্য যে কোনো সময়ের তুলনায় এখন বেশি মানুষের আস্থা ও ভরসাস্থলে পরিণত হয়েছে। থানা কেন্দ্রিক মানুষের ভীতি দূর হয়ে এখন জনবান্ধব একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সরাসরি তদারকির ফলে। পুলিশ সদস্যদের সম্মানী-ভাতা বেড়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়েছে পুলিশ।
মেয়র বলেন, বর্তমানে পুলিশ রাজনৈতিক চাপমুক্ত হয়ে কাজ করছে। ফলে অপরাধীরা যতই শক্তিশালী ও সরকার দলীয় হোক না কেন কারো রেহাই মিলছে না। এ ধারা অব্যাহত থাকলে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বহুগুণ বেড়ে যাবে বলে তিনি মত দেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মেয়র।
সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম ও শ্যামল কুমার নাথ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















