মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লোহাগাড়ার কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম, বিবি, ওএসপি, পিএসসি।
আজ বৃহস্পতিবার বাদ আছর জন্মস্থান চুনতীতে ঐতিহাসিক সীরাত ময়দানে সর্বশেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় তার লাশ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে তার লাশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে নিয়ে আসা হয়।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে। জানাজাপূর্ব সমাবেশে সেনাবাহিনীর একজন অফিসার তার বর্ণাঢ্য জীবনী পড়ে শোনান। নিকটাত্মীয়দের মধ্যে তার বড় ভাই আলহাজ্ব ইসমাঈল মানিক বক্তব্য রাখেন।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহ আলমের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চউকের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালাম, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















