আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ২ পাক সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিয়ন্ত্রণরেখার আখনুর এবং সুন্দেরবানি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনারা। তাদের জবাব দিতে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারত বলছে, আখনুর সেক্টরের খৌর এবং পালানওয়ালা এলাকায় সরাসরি গুলি চালিয়েছে পাক সেনারা। নিয়ন্ত্রণরেখায় পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরই পাল্টা গুলি চালানো হয়েছে।
ভারতের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১১টায় সুন্দেরবানি সেক্টরের বাতাল এলাকায় বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের যোগ্য জবাব দিতে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে।
পুলিশ বলছে, ভারতের বেশ কিছু গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। তবে এ থেকে তাৎক্ষিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের আক্রমণ থেকে বাঁচতে লোকজনকে নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























