সদ্য বিবাহিত তারকা দম্পতি সৃজিত ও মিথিলা। কিছুদিন আগে শ্বশুরবাড়িতে গো-মাংস খেয়ে কট্টরপন্থিদের রোষের মুখে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার শোনা গেল, স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে তিনি নাকি উপহার দিয়েছেন ১০ বা ১৫ লাখ টাকার নয়, এক্কেবারে ৩ কোটি টাকার দামি রেঞ্জ রোভার গাড়ি!
এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এমনটাই… কিন্তু সৃজিত কী বলছেন? সত্যিই কি স্ত্রীকে অত দামি উপহার দিয়েছেন তিনি?
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিংক শেয়ার করে পরিচালকের রসিক মন্তব্য, ‘আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব।’
না, মিথিলাকে অত দামি গাড়ি দেননি সৃজিত। যাচাই না করেই সেই চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক তিনি। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।
সেলিব্রেটি হওয়ার ঝামেলা কি কম? মিথিলার সঙ্গে বিয়ে নিয়েও অনেক উড়ো খবরের ঝক্কি পোহাতে হয়েছিল সৃজিতকে। বিয়ে হওয়ার আগেই কেউ বলছিলেন তাদের ইতিমধ্যেই রেজিস্ট্রি হয়ে গিয়েছে আবার কেউ বলছিলেন ‘বিশেষ কারণেই’ নাকি তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ওই জুটি। তবে সেসব গসিপকে বুড়ো আঙুল দেখিয়ে শীতের শুরুতেই প্রায় গোপনে, দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু বন্ধু নিয়ে বিয়েটা সেরে ফেলেন তারা।
বিয়ের পরদিনই ওই জুটি উড়ে গিয়েছিল আল্পসে ঘেরা জেনেভায়। সেখান থেকে শেয়ার করা ওই জুটির মধুচন্দ্রিমার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিথিলা-সৃজিত দিন কাটাচ্ছেন নিজের শর্তেই।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























