ভোক্তাদের অধিকার সংরক্ষনে কাজ করা ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার ভাদুঘর এলহামপাড়া এলাকায় “এশিয়া বেকারি” নামক এক বেকারির খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে পচা ডিম দিয়ে বিভিন্ন ধরনের বেকারিপণ্য -খাদ্য প্রস্তুত করার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ)টাকা জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২ঃ০০ টার দিকে এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান,অভিযান চলাকালীন সময়ে সেখানে গিয়ে বেকারিটিতে পচা ডিম ব্যবহাররত অবস্থায় দেখা যায়। এ সময় জানা যায়, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করে।
এসময় বেকারি মালিক বিষয়টির সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন বলে এই মর্মে মুচলেকা প্রদান করেন। পরে এই অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উক্ত জরিমানা আরোপ করে আদায় করা হয়।
জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান ।
ডিএস./



















