চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগরবাসীর নাগরিক সেবা প্রদানে চট্টগ্রাম সিটি করপোরেশনই একমাত্র অভিভাবক। নগরবাসীর জন্য সর্বোচ্চ সেবা প্রদানের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন দিনরাত কাজ করে যাচ্ছে। সেবার মান বৃদ্ধির জন্য পৌরকর আদায়ের মাধ্যমে সিটি করপোরেশন এর সমতা অর্জন করতে হবে।
মেয়র আজ চট্টগ্রাম সিটি করপোরেশন কে বি আবদুস সাত্তার মিলনায়তনে শহরে দরিদ্র সম্প্রদায়ের জীবনমান ও জীবিকা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
এসময় প্যানেল মেয়র জোবায়রা নারগিস খান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. আজম, আবিদা আজাদ, জেসমিন পারভিন জেসি, জেসমিনা খানম উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে ১৪ লক্ষ ৪০ হাজার দরিদ্র মানুষ বাস করছে যা অন্য শহরে নেই। দিনে পর দিন এদের সংখ্যা বাড়ছে। এদের নাগরিক সুযোগ-সুবিধা প্রদানে সিটি করপোরেশন হিমসিম খাচ্ছে। চট্টগ্রাম শহরের কাছে এমন কোন জায়গা নেই, যেখানে ভাসমান মানুষের পুনর্বাসন করা যাবে। তিনি বলেন, চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য ও ক্লিন এবং গ্রীন সিটি নির্মাণের সাফল্যে সকলের সহযোগিতা প্রয়োজন। সিটি করপোরেশন এর নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে মেয়র বলেন,শিক্ষা স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশন এর অবদান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিটি করপোরেশন এর ভর্তুকি দিনের পর দিন বাড়ছে। নগরে সিটি করপোরেশন পরিচালিত ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ১৫ শতাংশ শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ণ করছে। অনেকে ভর্তি ফি ছাড়াও আমার সহযোগিতা নিয়ে ভর্তি হয়েছে। এত সেবা দেওয়ার পরেও নগরবাসীর আশানুরুপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পৌরকর না দেওয়ার জন্য নানা ধরনের তদবির করে। তিনি আরো বলেন, শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে পারলে গ্রামের মানুষ শহরে আসবে না। অতিরিক্ত জনসংখ্যার কারনে শহরের পরিচ্ছন্নতারক্ষাকরা যাচ্ছে না। আইন শৃঙ্খলারও অবনতি হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















