বিশ্রাম কাটিয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু ভাইরাল জ্বরের সঙ্গে কুঁচকির চোটে ফের ছিটকে পড়েন ঢাকা প্লাটুনের ড্যাশিং এই ওপেনার। খেলা থেকেও যেন ছিটকে পড়েন মাশরাফীরা। সুস্থ হয়ে তামিম ফিরতেই বদলে যায় ঢাকা প্লাটুনের চেহারা। টানা দুই জয় তুলে নিয়েছে দলটি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট থান্ডারের বিপক্ষে মাঠে নেমে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেলেন তামিম। ফলে দ্বিতীয় স্থানে চলে গেলেন মুশফিকুর রহিম। এদিন প্রথম খেলোয়াড় হিসেবে বিপিএলে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম।
অবশ্য বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে তামিমই সবার উপরে ছিলেন। তবে চট্টগ্রাম পর্বের শুরুতে তামিমের রেকর্ড ভেঙে দিয়েছিলেন মুশফিক। মাত্র দুই দিনের ব্যবধানে তামিম শীর্ষস্থান ফিরে পান। শেষ দুই ম্যাচে মুশফিকের ব্যাটে তেমন রান উঠেনি। সিলেটের বিপক্ষে ১২ ও রাজশাহীর বিপক্ষে মাত্র ১ রান করেন খুলনার অধিনায়ক।
তবে সুস্থ হয়ে ফিরে মাঠে নেমেই রান পাওয়া শুরু করেছেন তামিম। ইনজুরি থেকে ফিরে কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের ইনিংস খেলে তামিম শীর্ষে উঠেন। মঙ্গলবার জহুর আহমেদে ৬০ রানের ঝকঝকে ইনিংসের মধ্য দিয়ে তামিম দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।
৬২ ইনিংসে তামিমের রান ২ হাজার ২৯। গড় রান ৩৬.৮৯। পাক্কা ৯২ রানের পার্থক্য তামিম ও মুশফিকের। ৭২ ইনিংসে মুশফিকের রান ১ হাজার ৯৩৭। গড় রান ৩৩.৯৮। পরের স্থানগুলোতে আছেন মাহমুদউল্লাহ (১৬৯৫), ইমরুল কায়েস (১৫৬৭) ও সাকিব আল হাসান (১৪৮৩)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























