একজন বীর মুক্তিযোদ্ধার ওপর শেখ হাসিনা আস্থা রেখেছিলেন, তিনিও সেভাবে কাজ করার চেষ্টা করছেন-নিজের সম্পর্কে এমনই মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ গ্রন্থের প্রকাশনা উৎসবে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াসউদ্দীন মিলকী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত ব্যক্তি ও গ্রন্থ প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি দৃঢ় প্রত্যয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ হিসেবে তৈরি করে ফেলা হয়েছিলো। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছে।
প্রধানমন্ত্রী যখন আমাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন, তখন তিনি বলেছিলেন, “তুমি একজন বীর মুক্তিযুদ্ধা, সেজন্য তোমাকে এ দায়িত্ব দিলাম।” তখন থেকে সুচারুভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকতে পারি। কারণ প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তার দায়িত্বটি তাঁর মত একজন যোগ্য লোকের নিকট দিয়েছেন।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাবলির স্মৃতিচারণ করেন রণাঙ্গণে তাঁর (আসাদুজ্জামান খান) সহযোদ্ধা রেজাউর রহমান জানু। স্বাগত বক্তব্য দেন পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক। আরও বক্তব্য দেন সাবেক ও বর্তমান ডিএমপি কমিশনার, অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।
‘নন্দিত স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান’ গ্রন্থের প্রকাশনা উৎসবে দেশ বরেণ্য সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























