ঢাকায় সর্বশেষ সাক্ষাতে রাজশাহী রয়ালসকে ৪৭ রানে হারিয়েছিল রংপুর রেঞ্জার্স। মাত্র এক দিনের ব্যাবধানে সেই পরাজয়ের প্রতিশোধ নিল পদ্মাপাড়ের দলটি। সিলেট পর্বের প্রথম ম্যাচে শেন ওয়াটসনের দলকে ৩০ রানে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী।
নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেলকে ছাড়াই মাঠে নেমে ৪ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে রাজশাহী রয়ালস। জবাবে ১৮০ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতেই ওভার শেষ হয়ে যায়। ফলে আবারও হারের স্বাদ পেল তিস্তাপাড়ের দলটি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে বিদায় নেন শেন ওয়াটশন। শুরুর সেই ধাক্কা সামলে উঠার আগেই সাজঘরে ফেরেন ক্যামেরন ডেলপোর্ট। শোয়েব মালিকের বলে ড্রেসিংরুমে ফেরেন তিনি। সেই রেশ না কাটতেই এ বোলারের দ্বিতীয় শিকার হয়ে আসেন ইনফর্ম নাঈম। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।
ফজলে মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টম অ্যাবল। ৬৪ রানের জুটি গড়ে সফলও হয়েছিলেন তারা। কিন্তু কামরুল ইসলাম রাব্বি এই জুটির বিচ্ছেদ ঘটান। ২৪ বলে ২৯ রান করে বিদায় নেন অ্যাবল। পরের ওভারেই মোহাম্মদ নওয়াজের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ফজলে মাহমুদ। সেই সাথে জয়ের আশাও শেষ হয়ে যায় রংপুরের।
আল আমিন ১৮ রান করলেও বাকিরা দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১৪৯ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। ফলে আরও একবার হারের তেতো স্বাদ পায় রংপুর রেঞ্জার্স। প্লে-অফে খেলাও কঠিন হয়ে যায়।
রাজশাহীর হয়ে মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট শিকার করেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) প্লে-অফ নিশ্চিত করতে হলে অবশিষ্ট যে কটি ম্যাচ রয়েছে তার প্রতিটিই জিততে হবে রংপুর রেঞ্জার্সকে। এমন সমীকরণে বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রেঞ্জার্স অধিনায়ক শেন ওয়াটসন।
ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটাও হলো দারুন। ওপেনিং জুটি থেকে স্কোর বোর্ডে জমা হল ৫০ রান। এদিন ব্যাট হাতে সবচেয়ে সফল রবি বোপারা। তিনি হাঁকালেন ফিফটি। অপরাজিত থাকলেন মাত্র ২৯ বলে ৪টি চার আর ৩টি ছক্কায় ৫০ রান করে। অধিনায়কের দায়িত্ব পাওয়া শোয়েব মালিক করলেন ৩৭ রান। আফিফ হোসেনের ব্যাট থেকে আসল ৩২ রান।
বাকিরাও ফাইটিং স্কোর তুলতে অবদান রেখেছেন। ইরফান শুকুর ২০, লিটন দাস ১৯ ও মোহাম্মদ নওয়াজ করেন ১৫ রান। দলগত নৈপুন্যে রাজশাহীর স্কোর বোর্ডে জমা হল ৪ উইকেটে ১৭৯ রান।
রংপুর একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, আল-আমিন জুনিয়র ও তাসকিন আহমেদ।
রাজশাহী একাদশ : শোয়েব মালিক (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























