বসুন্ধরার আক্রমণভাগের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল লিটনকেশুরু থেকেই বসুন্ধরা কিংসের কোচ স্প্যানিশ অস্কার ব্রুজন। তার কোচিংয়ে অভিষেকেই একটি টুর্নামেন্ট ও লিগ শিরোপা এসেছে। এবার তো মৌসুমসূচক ফেডারেশন কাপের শিরোপাও জিতল ক্লাবটি। স্প্যানিশ কোচের সাফল্য-ক্ষুধা বেড়েই চলেছে।
ঘরোয়া এই মৌসুমে বাকি আছে স্বাধীনতা দিবস কাপ ও প্রিমিয়ার লিগ । আন্তর্জাতিক ফুটবলে আছে এএফসি কাপ। অস্কার ব্রুজন মৌসুমের প্রথম ট্রফিটি জিতে উচ্ছ্বসিত,‘ সামনে আমাদের আরও অনেক প্রতিযোগিতা আছে, ফেডারেশন কাপ জয় আমাদের আরও উজ্জীবিত করবে।’
দলের জয়ের নায়ক দানিয়েল কলিনদ্রেসকে যখন প্রশংসায় ভাসাচ্ছেন ব্রুজন, তখন প্রতিপক্ষের গোলকিপারের জন্য ঝরছে তার সমবেদনা। ব্রুজনের মুখে কলিনদ্রেস-বন্দনা, ‘সে দুটো গোল দিয়েছে এবং ম্যাচের অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে। প্রথম গোলটা হেডে করেছে, দ্বিতীয়টিতে সে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়েছে।’
রহমতগঞ্জের খেলার প্রশংসা করে স্প্যানিশ এই কোচ তাদের গোলকিপার রাসেল মাহমুদ লিটনের জন্য সমবেদনা জানিয়েছেন, ‘গোলকিপার দুর্ভাগ্যজনকভাবে ভুল করেছে। তার জন্য খারাপ লাগছে।’
প্রতিপক্ষ কোচেরই যদি খারাপ লাগে, তাহলে শিশুতোষ ভুল করা ওই গোলকিপারের কেমন লাগে বুঝে নিতে পারেন। ম্যাচ শেষে লিটনের চোখে ঝরেছে অশ্রু, বাষ্পরুদ্ধ হয়েছে কণ্ঠ, ‘আসলে ওই সময় বল পায়ে আমি ক্লিয়ার করতে গিয়েছিলাম।কিন্তু সতীর্থ ডিফেন্ডার কামারার ডাকে বল ক্লিয়ার করতে দেরি হয়ে যায়। তখন বুঝতে পারিনি যে কলিনদ্রেস বল নিয়ে গোল করে ফেলবে। ওই গোলটি না হলে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারতো।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























