চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর গান বন্ধ করায় গ্রেপ্তার হয়েছেন তিনজন।
গ্রেপ্তারকৃতরা হলেন-ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে লতিফুর রহমান বিলাস সর্দার, আজিজুর রহমান সাহজাহানের ছেলে সাহবাজ ও বাহাদুরগঞ্জ গ্রামের মুলতান আলী আইভির ছেলে আসলাম বেগ।
জানা যায়, গত ২৭ জানুয়ারি ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি পরিবেশন করছিলেন ইসরাত জাহান নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। এ সময় বিলাস সর্দারসহ ওই তিনজন মঞ্চে তেড়ে উঠে গান বন্ধ করে দেন।
মঞ্চে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন মহল ক্ষোভে ফেটে পড়ে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর টনক নড়ে। ফলে ২৮ জানুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গানটি গাওয়ার মাঝপথে বিলাস সর্দার ওই ছাত্রীর কাছ থেকে মাউথপিস কেড়ে নেন এবং ডায়রিটি ছুঁড়ে ফেলে ছাত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আজগার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক এবং শিক্ষার্থীর পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।’
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবির লোকজন দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ ঘটনায় ভোলাহাট থানায় দুটি পৃথক মামলা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















