টেনিসে ‘ওপেন ইরা’ চালু হওয়ার পর সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। অথচ শেষ তিন বছর তার ঝুলিতে নেই কোনো মেজর শিরোপা। আর এ বাস্তবতা মেনে নেয়া উচিত সেরেনার এমনটি বলেছেন তার কোচ প্যাট্রিক মোরাটোগ্লু।
গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বোচ্চ ২৩টি শিরোপা সেরেনার। তবে ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর তার ভাগ্যের শিকে যেনো খুলছে না। অস্ট্রেলিয়ান ওপেনের পর দীর্ঘদিন গর্ভাবস্থার জন্য কোর্টের বাইরে ছিলেন। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর কন্যা অ্যালেক্সিসের জন্ম দেন। এরপর থেকে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেললেও হেরেছেন সবকটিতে।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচে অখ্যাত ওয়াং কিয়াংয়ের কোছে হেরে বাদ পড়েন। ৩৮ বছর বয়সী সেরেনার কোচ প্যাট্রিক মনে করেন, টেনিস কোর্টে আবার ঝড় তুলতে হলে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনা উচিত সর্বাধিক গ্র্যান্ড স্লামজয়ী এ তারকার।
‘আমাদের কোনো পরিকল্পনা কাজে লাগছে না। এ বাস্তবতা আমাদের মেনে নিতে হবে।’-বলেন প্যাট্রিক। তবে এখনো ইতিবাচক বোধ করছেন সেরেনা জানিয়ে এ কোচ আরো যোগ করেন, ‘সে এখনো ইতিবাচক আছে। কিন্তু কিছু কিছু সময় হতাশা ঘিরে ধরে। বিশেষ করে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হার।’
নতুন করে ফিরে আসতে হবে সেরেনাকে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে। আর নতুবা বাস্তবতা মেনে সরে যেতে হবে এ টেনিসের রাণীকে এমনটি জানিয়ে প্যাট্রিক আরো বলেন, ‘নতুন কোনো কৌশল, নতুন কোনো লক্ষ্য নিয়ে তাকে এগুতে হবে। তার নিজের উপর বিশ্বাস আছে যে, সে পারবে। আমিও সেটি বিশ্বাস করি। তবে তাতেও যদি কাজ না হয় তবে তাকে আর টেনিসের কোর্টে দেখা যাবে বলে মনে হয় না।’


























