আধুনিক যুগের ক্রিকেটে সবচেয়ে বড় হটকেক বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। বিশ্বের প্রতিটি দল যে কোনো ফরম্যাটে তাদের দলে পেতে চাইবে। তবে যদি দুজনের মধ্যে শুধু একজনকে একাদশে নেয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে? জানতে চাওয়া হয়েছে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের কাছে।
ভারতীয় এ কিংবদন্তি থাকতে পারেননি নিরপেক্ষ। নিজেই স্বীকার করে নিয়েছেন ভারতীয় বলে স্বদেশিকে দলে চাইবেন তিনি, ‘ভারতীয় হিসেবে একজন ভারতীয়কে বেছে নিতে দাও।’
কোহলিকে নিজের দলে নিলেও স্মিথকে দুর্দান্ত ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করে শচীন বলেন, ‘কোহলি আমার বন্ধু। তাই স্মিথকে প্রতিপক্ষ দলে দেখতে চাইবো। তবে আমার চোখে স্মিথ অসাধারণ খেলোয়াড়।’
বর্তমান ক্রিকেটের দুই গ্রেট স্মিথ-কোহলিকে নিয়ে শচীন যোগ করেন, ‘তারা পুরো ক্রিকেট বিশ্বকে বিনোদিত করে চলছে। তাদের খেলা দেখাও সমর্থকদের জন্য আনন্দের।’
এদিকে স্মিথকে নিয়ে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার বলেন, ‘স্মিথ ধারাবাহিক ভাবে নিজেকে প্রমাণ করে চলছে। তার মানসিকতা, নিজেকে নিয়ন্ত্রণ করা অসাধারণ। তার টেকনিক স্বাভাবিকের মতো নয়। অনেকটা আলাদা। তবে সে জানে কিভাবে মানিয়ে নিতে হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























