অনূর্ধ্ব যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই খেলোয়াড় মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারীকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নদীপথে রাজধানী থেকে চাঁদপুরে ফিরেন জয়। তার এক ঘন্টা পর সড়ক পথে ফেরেন শামীম।
এ সময় তাদেরকে নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্রিকেট ভক্ত ও চাঁদপুরবাসীরা। এতে অংশ নেয় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের কয়েক শ যানবাহন। নেচে গেয়ে আর বাদ্যযন্ত্রের তালে তালে গোটা শহর মাতিয়ে তোলে উপস্থিত সতীর্থরা। এ সময় বিশ্ব যুব ক্রিকেটের এই দুই বীরকে একনজর দেখতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং শহরের নানা বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে।
এরপর দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এই দুই ক্রিকেটারকে ফুল দিয়ে বরণ করেন। পরে পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ এবং জয়-শামীমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের পক্ষ থেকেও তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারীও এই দুই ক্রিকেটারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে শামীম হোসেন ধানুয়ায় এবং মাহমুদুল হাসান জয় পশ্চিম লাড়ুয়ায় নিজ বাড়িতে ফিরে যান। এ সময় স্বজন ও গ্রামবাসী ফুল, মিষ্টি আর নানা শ্লোগানে তাদেরকে সাদরে বরণ করে নেন। ঘরে ফেরার পর বাবা-মা তাদের আদরের সন্তানকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসায় তারা সন্তানদের জন্য দোয়াও করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন বাড়িতে স্বজনদের সঙ্গে কাটিয়ে জয় ও শামীম তাদের শিক্ষা প্রতিষ্ঠান সাভারের বিএকএসপিতে ফিরে যাবেন।
এদিকে চাঁদপুরে সতীর্থ আর হাজারো মানুষের পক্ষ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত হয়ে যান জয় ও শামীম। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় তারা জানান, আপনাদের দেওয়া সম্মান এবং মর্যাদা যেনো ধরে রাখতে পারি সেই দোয়া করবেন। এ সময় তারা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে তাদের নৈপুণ্যের ধারা অব্যাহত রাখার আশাবাদ জানিয়ে শুভকামনা করেছেন তাদের প্রথম কোচ, চাঁদপুর ক্ল্যামন ক্রিকেট একাডেমির প্রধান শামীম ফারুকী। সন্তানতুল্য এই দুজনকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ফারুকী।
বিজনেস বাংলাদেশ/ইএম























