৭ম টেস্ট সেঞ্চুরিকে ডাবলের দিকে টেনে নিচ্ছেন মুশফিকুর রহিম। এরইমধ্যে দেড়শ করে ফেলেছেন তিনি। তবে স্লিপ আর গালির মাঝখান দিয়ে গ্রাইল্ড করে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে দেড়শ পূর্ণ করার পর দর্শকরা যেভাবে উল্লাস প্রকাশ করলেন, মুশফিকের মধ্যে উদযাপনের কোনো আগ্রহ দেখা গেল না। হয়ত উদযাপন করতে ডাবল স্পর্শ করার অপেক্ষায় আছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৮৫ রান, লিড ২২০ রান। ‘মিস্টার ডিপেন্ডেবল’ ব্যাট করছেন ১৬৪ রানে। সঙ্গে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস (৩১)।
এর আগে দলীয় ৩৯৪ রানে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মুমিনুল হককে ফেরান এনদুলুভু।
প্যাভিলিয়নে ফেরার আগে প্রায় ১ বছর ৩ মাস এবং ১৪ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। টাইগারদের মধ্যে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তার। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ২৩৪ বলে ১৩২ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে।
মুমিনুল ফেরার পর বড় ইনিংস খেলার আভাস দিলেও ২৩ বলে ৩ চারে ১৭ রান নিয়ে এইন্সলে এনদুলুভুর দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ মিথুন। তবে জোড়া ধাক্কা সামলে দাপটের সঙ্গে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের ফিফটিতে ৩ উইকেটে ২৪০ রান করে দিন শেষ করে টাইগাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























