কক্সবাজারের টেকনাফে লবন মাঠ থেকে পাওয়া তিন বস্তায় ২ লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি।
তিনি জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবন মাঠ এলকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় তিন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের থামানোর নির্দেশ দেয় বিজিবি। এতে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকা। সেগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ




















