দিনাজপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় দেবর মোঃ রাজ (২০) ও ননদ ময়ুরী বেগম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার মূলহোতা পাষণ্ড স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক।
রোববার (১ মার্চ) দুপুরে কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন দেবর ও ননদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দেবর মোঃ রাজ ও ননদ ময়ুরী বেগম দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়স্থ মিজানুর রহমানের ছেলে ও মেয়ে।
জানা যায়, দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে রিয়া বেগমের সাথে ৪ বছর আগে দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়স্থ মিজানুর রহমানের ছেলে তানভীরুল রহমান রাহুল (২৬) এর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক প্রদান করা হলেও বিয়ের কিছু দিন পর থেকে আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ রিয়ার উপর চাপ দিতে থাকে স্বামীর পরিবার। এক মাস আগে যৌতুক দাবি করায় গৃহবধূ রিয়া বেগম বাবার বাড়ীতে চলে আসেন এবং সেখানেই বসবাস করছেন।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গত ২৯ ফেব্রয়ারী সন্ধ্যায় দিনাজপুরের বাণিজ্য মেলা থেকে গৃহবধূ রিয়া বেগম ও তার মা এবং ভাবী মিলে অটোরিকশা যোগে নিজ বাড়ী সুইহারী মাঝাডাঙ্গা যাওয়ার পথে হিরাহার পাকা রাস্তার উপর অটো রিকশা থামিয়ে গৃহবধু রিয়ার স্বামী তানভীর রহমান রাহুলসহ আরও ৬ জন গৃহবধু রিয়ার মা ও ভাবী কে অটো রিকশা থেকে নামিয়ে বেদম পিটিয়ে আহত করে।
এই ঘটনায় অটো রিকশা থাকা গৃহবধু রিয়া বেগম এগিয়ে আসলে তার স্বামী রাহুল ও তার সাথে আরও ৬ মিলে গৃহবধূর গাঁয়ে এসিড নিক্ষেপ করে। এতে করে গৃহবধূ রিয়া বেগমের পিঠের ২০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে ওই গৃহবধূ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
এম আব্দুর রহিম মেপিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. আব্দুন সালাম বলেন, রিয়া বেগমের পিঠের দিকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশ এসিডে জ্বলসে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ




















