বগুড়ার কাহালুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবাসন প্রকল্পের ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার (০২ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীনগর আবাসন প্রকল্পের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে এখানে বসবাসকারী ১০টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। আগুন এতো দ্রুত ছড়ায় যে এসময় ঘরে রক্ষিত কোনো মামলামাল বাঁচাতে পারেননি বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাহালু ফায়ার সার্ভিস। ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ




















