বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জার্মানির ৭০ শতাংশ মানুষ সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর প্রতিষেধক এখনও আবিষ্কার না হওয়ায় বিস্তার ঠেকানোর দিকেই দেশটির সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) বার্লিনে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে, তখন এর থেকে পালানোর কোনও উপায় নেই এবং এখন পর্যন্ত কোনও থেরাপিও পাওয়া যায়নি। এ কারণে দেশের ৬০ থেকে ৭০ শতাংশের বেশি মানুষ সংক্রমিত হতে পারেন।
জার্মান এই চ্যান্সেলর বলেন, এই প্রক্রিয়ায় ভাইরাসটির বিস্তারকে ধীরগতির করে স্বাস্থ্য ব্যবস্থাকে অতিরিক্ত চাপ না দেয়ার দিকে মনোনিবেশ করতে হবে…এটিই জয়ী হওয়ার সময়।
দেশটির জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত দৈনিক ডেইলি বিল্ড করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে চ্যান্সেলর মেরকেলের তীব্র সমালোচনা করার পর বুধবার সংবাদ সম্মেলনে আসেন তিনি। একদিন আগে জার্মানির এই দৈনিক এক প্রতিবেদনে সরকারের সমালোচনা করে লেখে, এই সঙ্কটে ক্ষমতাসীন নেতৃত্বের দেখা নেই, বক্তব্য নেই, এমনকি কোনও নেতৃত্বও নেই।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৯৬ জনে পৌঁছেছে। তবে প্রাদুর্ভাব শুরু হলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলকে। বুধবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
এর আগে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জার্মানির সব সীমান্ত বন্ধ করে দেয়ার আহ্বান জানান দেশটির নাগরিকরা। কিন্তু জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্প্যান এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে জার্মানির সীমান্ত বন্ধ করে দেয়া হলেও তা ফলপ্রসূ হবে না। ইতালির পর্যটকদের জার্মানিতে প্রবেশ নিষিদ্ধ করতে প্রতিবেশি অস্ট্রিয়া যে আহ্বান জানিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেছেন তিনি।
জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট বলছে, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ২ জন। সূত্র : রয়টার্স, এএফপি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























