রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় আগামীকাল ১৩ মার্চের সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। প্রজাতন্ত্রের ১১ থেকে ২০তম গ্রেডভূক্ত কর্মচারিদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এই সমাবেশের ডাক দিয়েছিল।
সংগঠনের মহাসচিব মো. আকতার হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রাজধানীর সকল অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি প্রতিষ্ঠানসহ দেশের প্রতিটি জেলা-উপজেলা থেকে সকল স্তরের কর্মচারী প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
কিন্তু জনস্বাস্থের কথা বিবেচনা করে এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের আলোকে ফেডারেশন ১৩ মার্চের সমাবেশ স্থগিত করেছে।” দাবিসমূহ বাস্তবায়নের জন্য অন্যান্য সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইএম

























