বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে মুজিববর্ষে শিল্পখাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের সবাইকে শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় শিল্প সচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করা যায় না। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহকে লাভজনক ও সামগ্রিক শিল্পখাতকে শক্তিশালী করা হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা অতিসাধারণ জীবন যাপন করতেন। সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য অতি অল্প সময়ের মধ্যেই উন্নয়নের সব রূপরেখা ও পরিকল্পনা তৈরি করে গিয়েছিলেন। জাতির পিতার এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু বাকশাল গঠনের উদ্যোগ গ্রহণ করেন। সমাজ থেকে বৈষম্য দূর করার আগেই দুর্ভাগ্যজনকভাবে জাতির পিতাকে হত্যা করা হয়।
অনুষ্ঠানে শিল্পসচিব বলেন, দেশের সঠিক ইতিহাস জানা প্রত্যেক নাগরিকের অপরিহার্য দায়িত্ব। দেশ গঠনে বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগ ও অবদানের প্রতি জাতি চিরকাল কৃতজ্ঞতা প্রকাশ করবে। তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শিল্পায়নকে শক্তিশালী করতে শিল্প মন্ত্রণালয়ের প্রত্যেককে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।
এর আগে শিল্প প্রতিমন্ত্রীর নেতৃত্বে শিল্প মন্ত্রণালয়ের প্রাঙ্গণে স্থাপিত নবনির্মিত ম্যুরালে মন্ত্রণালয় ও এর অধীন দফতর সংস্থা সমূহের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে শিল্প প্রতিমন্ত্রী জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে স্থাপিত ‘মুজিব কর্নার’ পরিদর্শন করেন।
বিজনেস বাংলাদেশ/ আরিফ
























