প্রানঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ হোটেল-রেস্তোরা ও দোকানপাট। এতে খাবার সংকটে অভুক্ত ছিন্নমুল, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড়ের সাংস্কৃতিক সংগঠন দিশারী নাট্যগোষ্ঠী। শুক্রবার দিনব্যাপী দশম দিনের মত শহরে ঘুরে ঘুরে ছিন্নমুল মানুষদের খাবার পৌঁছে দিয়েছে এই সংগঠন। সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরা বা খাবারের দোকানে হাত বাড়িয়ে যা পায় তাই খেয়ে বেঁচে থাকে এই ছিন্নমুলরা। কিন্তু করোনা পরিস্থিতিতে হোটেল-রেস্তোরা বন্ধ থাকায় খাবার সংকটে পড়তে হয়েছে তাদের। এ অবস্থায় অভুক্ত থাকা এই নিরীহ মানুষদের খুঁজে খুঁজে তাদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগ নেয় দিশারী নাট্যগোষ্ঠী। রফিকুল বলেন, অসহায়দের পাশে দাঁড়ানোর এটা একটা সুযোগ। কারণ, কর্মব্যস্ততায় মানুষের পাশে দাঁড়ানোর তেমন সুযোগ হয়না। চলমান পরিস্থিতিতে সুযোগটা কাজে লাগাচ্ছি। তাদের এ কাজে প্রণোদনা দিয়ে সহযোগিতা করছেন বিভিন্ন ব্যক্তি, সংগঠন। দিশারী নাট্যগোষ্ঠীরর সভাপতি এ্যাড: আবদুল্লাহ আল মামুন বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সরকারের ঘোষনা অনুযায়ী শহরের সকল হোটেল-রেস্তোরাসহ সবধরণের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। এতে খাদ্য সংকটে পড়েছে অসহায় ও ছিন্নমুলরা। এঅবস্থায় কেউ যেন অভুক্ত না থাকে সেদিক চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। গত পহেলা এপ্রিল থেকে তারা শুরু হওয়া এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানিয়েছেন এ্যাড: আবদুল্লাহ আল মামুন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান





















