সংক্রমণের গুজবে করোনায় মারা যাওয়া ব্যক্তি কোথাও বাধা পেলে দাফন করতে নিজের জমি দিয়ে দিলেন একজন পুলিশ কর্মকর্তা। পুলিশের সিআইডিতে সিনিয়র এএসপি হিসেবে কর্মরত মো. এনায়েত করিম রাসেল নিজের এলাকা মানিকগঞ্জে এই জমি দিয়েছেন। জমিটি নিজেদের পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফনের জন্য এক বছর আগে কিনেছিলেন।
ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসকসহ পুলিশের উধর্র্তন কর্মকর্তাদেরও জানিয়েছেন তিনি। এক বছর আগে কেনা দশ শতাংশ জমিতে শুধু মানিকগঞ্জ বা আশপাশের এলাকাই নয়, দেশের কোথাও কেউ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফনে বাধা পেলে তাকে এখানে সমাহিত করা যাবে।
আরও ২২ শতাংশ জমি কেনার প্রক্রিয়া চলছে। প্রয়োজন দেখা দিলে সেখানেও মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
করোনায় মারা যাওয়া মানুষের দাফনের জন্য নিজের এমন উদ্যোগের কথা প্রকাশ্যেই ঘোষণা করেছেন এনায়েত করিম রাসেল। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে রাসেল বলেন, মানিকগঞ্জে বাসা কিন্তু বসবাস অন্য জায়গায় বা বাংলাদেশের যে কেউ আল্লাহ না করুক করোনা উপসর্গ নিয়ে মারা গেলে বিনা সংকোচে নিয়ে আসুন। গংগাধরপট্টি চকে উত্তর-পূর্ব কোণে (নওখন্ডা) আমাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে। আশেপাশে কোনো জনবসতিও নেই। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে কবর দেয়া সবার জন্য উন্মুক্ত।
মানিকগঞ্জ জেলা প্রশাসক অথবা মেয়রের কাছ থেকে অনুমতি নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি নিজের মোবাইল নম্বর (০১৭৩০৩৩৬২২৩), ও তিন বন্ধু ডিএফএম লোটাস (০১৭৭৭৩০৫০১৬), ও শুভ (০১৭১২২৯২৯২২), মোস্তফা (০১৭১২৫৫৭০৮৬) যে কারো সঙ্গে যোগাযোগ করার জন্য বলেছেন এনায়েত রাসেল।
ডিসি বলেন, যেখানো করোনার উপসর্গ নিয়ে মানুষ মারা গেলে নানা ধরনের প্রতিকূল অবস্থায় পড়তে হচ্ছে সেখানে এমন উদ্যোগ অবশ্যই মানবিকতার বড় উদাহরণ। আমরা তাদের অ্যাপ্রেসিয়েট করি। কারণ তাদের দেখাদেখি আরও অনেকে হয়তো মানবিক কাজে এগিয়ে আসবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর










